গ্লেন ম্যাকগ্রার বল লেগেছিল শচিন টেন্ডুলকারের কাঁধে। তারপরও ভারতীয় কিংবদন্তিকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারিল হার্পার। ‘শোল্ডার বিফোর উইকেট’ নিয়ে উঠেছিল ঝড়। তবে সেই সিদ্ধান্তকে এখনো নির্ভুল বলেই মনে করেন তিনি। ১৯৯৯-এর শচিনের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল ভারত। অ্যাডিলেড টেস্টে ম্যাকগ্রার বাউন্সার এড়াতে নিচু হয়েছিলেন শচিন। বল লাগে কাঁধে। আম্পায়ার ড্যারিল হার্পাল তারপরেও দেন এলবিডব্লিউ। বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে এক আলাপচারিতায় বলেছেন, ‘জীবনের প্রতিটি দিনই ওই আউটের কথা মাথায় আসে। এমন নয় যে দুঃস্বপ্ন তাড়া করে আসে বা ঘুম হয় না। ব্যাপারটা তা নয়। গ্যারাজে যখন যাই তখন শচিন ও ম্যাকগ্রার বিশাল বড় ক্যানভাস প্রিন্ট চোখের সামনে থাকে। যা বল লাগার পরই নেওয়া হয়েছিল। আপনারা হয়তো হতাশ হবেন, কিন্তু ওই সিদ্ধান্ত নিয়ে আমি এখনো দারুণভাবে গর্বিত। কোনো ভয় বা সুবিধা পাওয়ার আশা ছিল না ওই সিদ্ধান্তের নেপথ্যে।’
হার্পারের কথায়, ‘আইসিসি অফিশিয়ালদের কাছে শুনেছি যে ম্যাচের পর আমার পারফরম্যান্স যাচাইয়ের সময় শচিন ওই আউটের কথা তোলেনি। তবে উপলব্ধি করেছিলাম যে সঙ্গে সঙ্গে বিশ্বের ছয় ভাগের একভাগ মানুষ নাম জানল আমার। আর তারা সম্ভবত আমার প্রশংসা করছিল না।’ ২৬ টেস্ট ও ৪৪ ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করা হার্পার বলেন, ‘আমিও অস্বস্তিতে ছিলাম। পরে মনে হয়েছিল, ম্যাকগ্রার ওভারটা পাঁচ বলে শেষ হয়েছিল। যার মধ্যে মাঝের বলে আউট হয়েছিল শচিন। গুনতে সাধারণত ভুল হয় না আমার। আসলে ওই ঘটনার গুরুত্ব আমার মনোসংযোগে চিড় ধরিয়ে দিয়েছিল।’