ভার্চুয়াল বেঞ্চ

জামিন হয়নি ডেসটিনির এমডি চেয়ারম্যানের

অর্থ পাচারের দুটি মামলায় কারাগারে থাকা ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেয়নি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। একই সঙ্গে নিয়মিত আদালত খোলা পর্যন্ত জামিনের আবেদনটি স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছে হাইকোর্ট। আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার এ আদেশ আসে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ থেকে। দুই আসামি দীর্ঘ কারাবাস ও স্বাস্থ্যগত প্রতিবেদনের যুক্তি (গ্রাউন্ড) দেখিয়ে জামিনের এই আবেদন করেছিলেন বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। এর আগেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের নিয়মিত আদালতে তাদের জামিনের আবেদন নাকচ হয়েছিল। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দুজন কারাগারে রয়েছেন।

শুনানিতে দুদকের আইনজীবী গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে হাইকোর্টকে জানান, রফিকুল আমিন গত বছরের ১১ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা দুটি করে দুদক। এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।