করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধসহ তিনজন মারা গেছেন। গতকাল বুধবার সকালে তাদের মৃত্যু হয়। এদিন সকালে জ¦র, সর্দি ও কাশি নিয়ে দিনাজপুরের হাকিমপুরে এক জাতীয় পার্টির (জাপা) নেতার মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার ম-ল জানান, গত ১৮ জুলাই জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগরের আবদুর রহিম (৭০)। বুধবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। একই সমস্যা নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদরের ব্রহ্মরাজপুর গ্রামের সুভাষ চন্দ্র ম-ল (৬৫)। রাত সাড়ে ১২টার দিকে তিনিও মারা যান। এছাড়া কয়েক দিন ধরে সর্দি, কাশি ও জ¦রে আক্রান্ত দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলকার কবীরকে (৫০) গতকাল সকাল ৬টার দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান ভবতোষ কুমার।
হাকিমপুর (দিনাজপুর) : করোনা উপসর্গ নিয়ে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি জসিম উদ্দিন মন্টু (৫০) মারা গেছেন। গতকাল সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জানান, কয়েক দিন ধরে জসিম জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন। হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গতকাল সকালে তার মৃত্যু হয়।