ইমরানের সুরে মাহদির ‘বলেছে মন’

মাহদি সুলতানের প্রথম গান ‘তোর মনপাড়ায়’ প্রকাশ হয় ২০১৮ সালে। এরই মধ্যে ইউটিউবে পেয়েছে ৮ কোটি ভিউ। তার নতুন গানের জন্য সুর-সংগীত করলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।

‘বলেছে মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

৯০ দশকের আমেজে গানটির ভিডিও পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। চিত্রগ্রহণে ছিলেন শিউল বাবু, আর্ট ডিরেক্টর বাপ্পি ও কস্টিউম ডিজাইনার ইমন।

এতে মাহদির সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নিশ্চুপ বৃষ্টি। ভিডিওতে অভিনয় করেছেন অন্তু করিম। সঙ্গে আছেন নবাগত মারিয়া শান্ত।

গানটির প্রসঙ্গে ইমরান বলেন, “মাহদি সম্ভবনাময় একজন গায়ক। চমৎকার গায় সে। তার কণ্ঠ চিন্তা করে প্রথমে গানটির সুর করি। সেই সুরে কথাগুলো লিখেছেন জীবন ভাই। একটি শ্রুতিমধুর গান করার চেষ্টা করেছি।”

মাহদি বলেন, “ইমরান ভাই এবং জীবন ভাইয়ের কাজের ভক্ত আমি। স্বপ্ন ছিল তাদের সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা আমাকে সেরা একটি গান দিয়েছেন। ভিডিওর ক্ষেত্রে অন্তু করিম ভাই অনেক সহযোগিতা করেছেন। পুরো ভিডিও টিম, প্রযোজনা প্রতিষ্ঠানসহ সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি এই কাজটির মাধ্যমে সংগীতের ভূবনে আমি আরেক ধাপ এগিয়ে যেতে পারবো।”

ঈদুল আজহা উপলক্ষে ২৮ জুলাই সিনেমাজডের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ হবে ‘বলেছে মন’।