চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেফটিক ট্যাংক থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল।
নিহতরা হলো, ওই গ্রামের মুদি দোকানি এরশাদুল ইসলামের মেয়ে আসমা খাতুন (১৬) ও একই গ্রামের মতলেব মণ্ডলের ছেলে হাসিবুল ইসলাম (২৭)।
স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা বাজারের মুদি দোকানি এরশাদুল ইসলামের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকে বৃষ্টির পানি জমেছিল। বিকেলে সেই পানি পরিষ্কার করতে ট্যাংকে নামে তার মেয়ে আসমা খাতুন। ওপরে উঠতে না দেখে কিছুক্ষণ পর ওই ট্যাংকে নামে দোকানের কর্মচারী হাসিবুল ইসলাম।
পরে দু’জনের কোন সাড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ওই সেফটিক ট্যাংক থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, সেফটিক ট্যাংকে নেমে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।