পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশু কেনাকাটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সব ইউনিট প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ বার্তা দেন।
পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, সড়ক ও নৌপথে কোরবানীর পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। কোরবানীর পশুবাহী গাড়ি অথবা ট্রলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া না থামানোর নির্দেশ দেন আইজিপি।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ কোরবানীর পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ক্যাম্প স্থাপন করবে।
তিনি বলেন, পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যতীত কেউ পশুরহাটে প্রবেশ করতে পারবে না।
ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ঈদ সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশীর নামে কোনো গাড়ি থামানে যাবে না।
তিনি বলেন, ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সে ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। বাস এবং অন্যান্য পরিবহনে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হবে। যাত্রা শুরুর প্রান্তেই সব ধরনের পরিবহনে জীবাণুনাশক ছিটানো নিশ্চিত করতে হবে। মহাসড়ক, সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে থ্রি হুইলার, করিমন, নসিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিছু কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তিনি আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ বন্ধের লক্ষ্যে পাহারা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।