ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষ্মীপুরা এলাকার ‘স্টাইল ক্রাফট’ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এছাড়া তাদের দুই মাসের বেতনও বকেয়া রয়েছে। তাই তারা বকেয়া পরিশোধ এবং ছাঁটাই বন্ধের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, অবরোধের ফলে ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।