ঈদ নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

আসছে ঈদুল আজহার ছুটিতে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট ও বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ছয়টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদুল আজহা সম্পন্নের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতসহ ঢাকা মহানগরীর সব বিপণিবিতান, ব্যবসায়ী প্রতিষ্ঠান/ব্যক্তির টাকা লেনদেন ও পরিবহনে মানি এস্কর্ট ব্যবস্থা প্রবর্তন এবং সব লঞ্চ ও বাস টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে দেওয়া হয়েছে ছয় নির্দেশনা। গত বুধবার রাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে ঈদুল আজহার ছুটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো : নিজস্ব প্রতিষ্ঠান, আবাসন, অ্যাপার্টমেন্ট, বিপণিবিতানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখা। সিকিউরিটি গার্ডের ডিউটি তদারকির জন্য মার্কেট মালিক সমিতি, ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন ইত্যাদি কর্র্তৃক তদারকি কমিটি করে ২৪ ঘণ্টা পালাক্রমে ওই কমিটি দায়িত্ব পালন করবেন। দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ব্যক্তিগত প্রাক-পরিচিতি পুলিশের মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা করা। প্রতিষ্ঠান, বিপণি বিতান ও আবাসনকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখা, যাতে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা তদারকি করতে পারে। সিসি ক্যামেরার ক্ষেত্রে ধারণকৃত ভিডিও হার্ডডিস্কে ঠিকমতো রেকর্ড হচ্ছে কি না তা নিয়মিত পরীক্ষা করা। দায়িত্বরত গার্ড এবং প্রতিষ্ঠানের কাছে নিকটস্থ থানা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল এবং ল্যান্ড ফোনের নম্বর রাখা, যাতে যেকোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হলে দ্রুত পুলিশকে জানানো যায়।