পাটগ্রামে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবর গত ১৬ জুন লিখিত অভিযোগ দিয়েছে রংধনু ভোগ্যপণ্য সমবায় সমিতি নামের একটি স্থানীয় প্রতিষ্ঠান।

লিখিত অভিযোগে সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, পাটগ্রামে যত সমবায় সমিতি নিবন্ধন করাতে যায় তাদের সবার কাছ থেকে জেলা সমবায় কর্মকর্তার নাম ভাঙিয়ে ৩০ হাজার টাকা করে নেন হাসান রকি। রংধনু ভোগ্যপণ্য সমবায় সমিতির নিবন্ধনের সময়ও তিনি ৩০ হাজার টাকা নিয়েছেন। সমিতির নিবন্ধনের পর যতবার অডিট হয়েছে, প্রতিবার তাকে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। গত এপ্রিল মাসে সমিতির কমিটি নির্বাচন ও অনুমোদনের জন্য ২৫ হাজার টাকা দাবি করেন হাসান রকি। প্রতিষ্ঠানটির অভিযোগ, সমবায় সমিতি নিবন্ধন, অডিট, বিনিয়োগ অনুমোদন, বাৎসরিক লাইসেন্স নবায়ন, সমবায় দিবস পালন, সমবায়ী প্রতিষ্ঠানের কমিটি গঠন, কমিটির নির্বাচন প্রভৃতি বিষয়ে সমবায় বিধিবিধানের অপব্যাখ্যা দিয়ে প্রায় প্রতিটি সমবায় প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেন এ কর্মকর্তা। উপজেলার বুড়িমারী ও বাউরা ইউনিয়নে চলমান গাভী পালন প্রকল্প এবং সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচিতে নিজের পছন্দমতো ব্যক্তিকে ঋণ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকি বলেন, ‘রংধনু ভোগ্যপণ্য সমবায় সমিতির কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে তারা এরকম মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে। এখন যে অভিযোগ করেছে, সে অভিযোগ প্রমাণ করুক।’

এ ব্যাপারে রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ আবুল বাশার বলেন, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবায় অধিদপ্তরে অভিযোগ করা হয়েছে। অধিদপ্তর থেকে বিভাগীয় কার্যালয়ের নির্দেশনা এলে নির্দেশনা মোতাবেক তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’