আশুগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি বিকেলে অনুমোদন দিয়ে রাতেই বাতিল করেছে জেলা যুবলীগ। কয়েক ঘণ্টার এ কমিটি নিয়ে তোলপাড় চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকজুড়ে চলছে সমালোচনার ঝড়।
জানা যায়, গত বুধবার আশুগঞ্জ যুবলীগের আহ্বায়ক সাইফুর রহমান মনি সিকদার ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবিরের নেতৃত্বাধীন উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিনকে সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীন আলম বক্সীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে স্বাক্ষর করে অনুমোদন দেন জেলা যুবলীগ সভাপতি শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।
ওইদিন বিকেলে নতুন সভাপতি-সম্পাদকের হাতে জেলা সভাপতি-সম্পাদকের কম্পোজ করা ১৫ সদস্যের তালিকা হস্তান্তরের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের প্যাডে আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় নির্দেশে বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে ফেইসবুকে পোস্ট হতে থাকে। অভিনন্দন ও প্রতিবাদ-দুটোরই ঝড় ওঠে।
কিন্তু পরে ওইদিন রাতেই জেলা যুবলীগের সভাপতি শাহনূর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ও দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নব-ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। হাতে লেখা ওই বিজ্ঞপ্তিতে আগের আহ্বায়ক কমিটি বহালের কথাও বলা হয়। এ নিয়েও ফেইসবুকজুড়ে সমালোচনার ঝড় ওঠে।