সামিরাকে চেনাই যাচ্ছে না

বলিউডে অনেক হিট সিনেমায় অভিনয় করেছেন সামিরা রেড্ডি। দক্ষিণ ভারতেও ছিল জনপ্রিয়তা। অনেক দিন অভিনেত্রী পর্দায় নেই। তবে সোশ্যাল মিডিয়ার দরোজা তো সবসময়ই খোলা!

সম্প্রতি এক ভিডিওতে ‘মুসাফির’ অভিনেত্রী বলেন, মা হওয়ার পর মোটা, রোগা হওয়া নিয়ে কখনো ভাববেন না। নিজের সন্তানের সঙ্গে সময় কাটান। ওদের বড় হওয়া দেখুন আর উপভোগ করুন। শরীর নিয়ে কোনো লজ্জায় ভুগবেন না।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সামিরা। সেখানে তাকে দেখলে চিনতেই পারবেন না। মা হওয়ার পর শরীরের যে আমূল পরিবর্তন হয়েছে, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।

সামিরার লুক যে একদম পাল্টে গেছে, তাও স্পষ্ট। কিন্তু চেহারার বদল নিয়ে তিনি কষ্ট পেয়েছেন, এমন নয়।  বরং মা হওয়ার পর সন্তানদের সঙ্গে প্রতি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানান।

কোনো ধরনের মেকআপ ছাড়াই ওই ভিডিওতে অংশ নেন সামিরা।

এসবের পাশাপাশি জানান, সময় সুযোগ বুঝে ওয়ার্ক আউট করে তিনি নিজেকে আবার ফিট করে তুলবেন। কিন্তু নিজেকে ফিট প্রমাণ করার জন্য এই মুহূর্তে সময় নষ্ট করতে একেবারেই রাজি নন বলে স্পষ্ট জানান সামিরা।

অল্প সিনেমা করেও এক সময় সামিরা বেশ পরিচিত মুখ ছিলেন। তার শুরুটা মডেলিং ও মিউজিক ভিডিও দিয়ে। বড়পর্দায় সর্বশেষ দেখা গেছে ২০১৩ সালে মুক্তি পাওয়া একটি কন্নড় সিনেমায়।