নিখোঁজের দুইদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে মো. নাজু মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
শুক্রবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউপির মিনার কোট এলাকার ভারত–বাংলাদেশ সীমান্তের ২০ফুট ভেতরে বাংলাদেশ অংশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজু মিয়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।
পুলিশের দাবি নিহত নাজু মিয়া একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ৮ টি মাদকের মামলা রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ তারিখ মোবাইলে ফোন করে তাকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নাজু মিয়ার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।