পপি-বাটলারে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন উইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার। শেষ টেস্টেও টস জিতে আবার ফিল্ডিং নিয়েছেন তিনি। ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান করেছে ইংল্যান্ড। রোরি বার্নসের হাফসেঞ্চুরির পর অলি পপি এবং জশ বাটলার দারুণ ব্যাট করেছেন। চা বিরতির আগে বার্নস ৫৭ রান করে আউট হন। কিন্তু দিন শেষে পপি ৯১ এবং বাটলার ৫৬ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম উইকেটের জুটিতে তারা ১৩৬ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট এই টেস্টেও ব্যর্থ হয়েছেন। গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টের জয়ের নায়ক বেন স্টোকস ২০ রান করে কেমার রোচের বলে বোল্ড হন। চা বিরতির আগে দুটি উইকেট নেন রোচ। বার্নসকে আউট করেন রস্টন চেজ। তিনি ইংলিশ অধিনায়ক রুটকে রান আউটও করেন। প্রথম দিনে লাঞ্চের আগে ২ উইকেটে ৬৬ রান তুলেছিল ইংল্যান্ড। এরপর ৪ উইকেটে ১৩১ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল তারা। দিনের শুরুতেই ইংলিশ ওপেনার ডম সিবলি কোনো রান না করেই রোচের বল আড়াআড়ি খেলতে গিয়ে আউট হন। এরপর অধিনায়ক রুটের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে বার্নস প্রাথিমক ধাক্কা সামলানোর চেষ্টা করেন। কিন্তু সফল হননি। তবে চা বিরতির পর ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর লড়াই সফল করেছেন অলি পপি এবং জশ বাটলার।

তিন টেস্টের সিরিজ আপাতত ১-১ সমতায়। সাউদাম্পটনে দারুণ জয়ে শুরু করার পর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি উইন্ডিজ। এই ওল্ড ট্র্যাফোর্ডে তারা দ্বিতীয় টেস্টে পরাজিত হয়। চলতি টেস্ট ফলাফলের ওপর সিরিজের ভাগ্য নির্ধারণ করছে।