বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সরলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শের আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ‎শের আলী উপজেলার সরল ইউনিয়ন ২নং ওয়ার্ড হাজিরখীল মইত্তা বাপের বাড়ি এলাকার হোসেন আহমেদর ছেলে।

তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অবৈধ অস্ত্রের ব্যবহার, খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে বাঁশখালী থানা সূত্রে জানা গেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম মজুমদার জানান, শনিবার ভোররাত ৩টার দিকে বাঁশখালীর সরল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও জলদস্যু বাহিনীর সদস্যদের অপরাধ করার জন্য জড়ো হচ্ছে- এমন খবরে সেখানে অভিযানে যায় র‌্যাব।

এ সময় র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মো. শের আলী নিহত হন।

পরে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে শের আলী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ তার বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পেলেও আরও কয়েকটি রয়েছে তা খতিয়ে দেখছে বলে থানা সূত্র জানায়।