ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করার আগে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের সবাইকে করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। এতে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড সিএসএ।
সংক্রমণ ধরা পড়া তিনজনের একজন সাপোর্ট স্টাফ বলে জানানো হয়েছে। বাকি দুজন খেলোয়াড়। তবে করোনায় আক্রান্তদের নাম উল্লেখ করা হয়নি সিএসএ’র বিবৃতিতে।
“আমরা তিনজনের রিপোর্ট পজিটিভ নিশ্চিত করেছি। পজিটিভ আসা সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের ১০ দিনের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। তারা অনুশীলন ক্যাম্পে থাকবেন না।”
বোর্ডের কভিড-১৯ স্টিয়ারিং কমিটি প্রটোকল অনুযায়ী আক্রান্তদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। রিপোর্ট পজিটিভ আসলেও তাদের তেমন কোনো উপসর্গ নেই।
খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ মোট ৩৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। তাদের নিয়ে ২৭ জুলাই থেকে প্রিটোরিয়ায় অনুশীলন ক্যাম্প শুরু হবে। ২৮ জুলাই ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু করার আগে আবারও তাদের করোনা টেস্ট করা হবে।
ক্যাম্প শেষে প্রস্তাবিত ইংল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা নারী দল। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংলিশ নারী দলের সঙ্গে সেপ্টেম্বরে সীমিত ওভারের একটি সিরিজ খেলবে তারা।