ঈদে প্রধানমন্ত্রীর দেয়া চাল পাচ্ছেন মির্জাপুরের ২৯ হাজার দরিদ্র পরিবার

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদুল আজাহা উপলক্ষে ২৮ হাজার ৬২১ দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।

শনিবার সকালে মির্জাপুর পৌরসভা কার্যালয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ কার‌্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল আমিরুল কাদের লাবন, আলী আজম সিদ্দিকী, সাইজ উদ্দিন সাজু প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ হাজার ও পৌরসভায় ৪ হাজার ৬২১ দরিদ্র পরিবার এই চাল পাচ্ছেন।

রবিবার (২৬ জুলাই) থেকে প্রত্যেক ইউনিয়নে এই চাল বিতরণ শুরু হয়ে ২৮ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়েছে।