দিনাজপুরের পার্বতীপুরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বড়পুকুরিয়া কয়লাখনির ৫ শ্রমিক নেতাকে পুলিশ আটক করেছে।
আটকেরা হলেন, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এরশাদ আলী, জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া শাখার সহসভাপতি মাহবুবুর রহমান ও সংগঠনের সদস্য মো. বেলাল হোসেন।
শনিবার দুপুরে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ খনি গেটের সামনে থেকে তাদের আটক করে।
খনির একাধিক সূত্র জানায়, সম্প্রতি খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম খনিতে কর্মরত ১১শ ৪৭ শ্রমিকের মধ্য থেকে পর্যায়ক্রমে ৪শ শ্রমিক বাছাই করে কাজে যোগদানের উদ্যোগ গ্রহণ করে। প্রথম পর্যায়ে ১০৫ জনকে বাছাই করে শনিবার তাদের করোনা নমুনা সংগ্রহ করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর কথা ছিল। কিন্তু শ্রমিক নেতাদের বাধার মুখে তা করা সম্ভব হয়নি।
তাদের বিরুদ্ধে অভিযোগে গত ১৩ জুলাই ভবানীপুর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে খনি কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিক নেতাদের মধ্যে এক ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত না মেনে শ্রমিক নেতারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, সরকারি কাজে বাধা প্রদান, রাস্তা অবরোধ এবং ভাঙচুরের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
তিনি জানান, তাদের বিরুদ্ধে আগের দায়ের করা ৫টি মামলা রয়েছে থানায়।