সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় নদীর ঘাটে কাপড় ধোয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের বৈঠার আঘাতে রিয়াজ উদ্দিন (৪০) নামের একজন খুন হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়ার নদীর ঘাটে কাপড় ধোয়া নিয়ে গ্রামের রিয়াজ উদ্দিন ও সিদ্দিক মিয়ার পরিবারের শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরিবারের বড়রা পুনরায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়। কথাকাটির এক পর্যায়ে সিদ্দিক মিয়া বৈঠা দিয়ে রিয়াজ উদ্দিনকে আঘাত করে। এ সময় গুরুতর আহত রিয়াজ উদ্দিনকে জামালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিয়াজ উদ্দিন মারা যান।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র্র করে দুই পরিবারের লোকজনের ঝগড়াঝাটিতে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। বিস্তারিত আরো তদন্তের পর জানা যাবে।