কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধাকালীন প্রথম বাংলা পাক্ষিক পত্রিকা (রানাঘাট থেকে প্রকাশিত) ‘স্বাধীন বাংলা’র সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
শনিবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া শহরের মজমপুরে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন। শনিবার সকালে তার শারিরিক অবস্থার অবনতি হয়। পরে সন্ধ্যায় নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার সকাল ১০টায় সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর পরে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাংবাদিকতার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্বপালন করেছেন। তার সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল ভারতের নদীয়া জেলার রানাঘাট থেকে ‘স্বাধীন বাংলা’ নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা প্রকাশ হয়েছিল। এছাড়া তিনি সাপ্তাহিক মশাল, ইস্পাত এবং সমীক্ষা নামের মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক ইউনিয়ন, কুষ্টিয়া এডিটোরিয়াল ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।