আবারও আয়োজন করা হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’ সৌন্দর্য প্রতিযোগিতাটি। গত বছরের মতো এটি যৌথভাবে আয়োজন করেছে ওয়ালিজ অ্যাসোসিয়েটস ও জনপ্রিয় র্যাম্প মডেল কোরিওগ্রাফার সৈয়দ রুমা। করোনার কারণে এ বছর ঢাকার বাইরে গিয়ে অডিশন নেওয়া সম্ভব হয়নি। এ জন্য ঢাকায় সরাসরি অডিশন ও অনলাইন অডিশনের মাধ্যমে প্রতিযোগী বাছাই করা হয়। এরপর শুরু হয় তাদের গ্রুমিং সেশন। বিভিন্ন ধাপ পেরিয়ে এখন ২৫ জন প্রতিযোগী টিকে আছেন। আজ সেমিফাইনাল রাউন্ডের পর থাকবেন সেরা ১২ জন। এর মধ্যে ছয়জন ছেলে ও ছয়জন মেয়ে। বিচারক থাকবেন সৈয়দ রুমা, দেবাশীষ বিশ্বাস, আসিফ খান, জিনিয়া আফরোজ ও নওরীন ইরা। সৈয়দ রুমা বলেন, ‘এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক সম্প্রসারিত হয়েছে। কিন্তু দেশে ভালো মডেলের সংখ্যা খুব কম। এক দিনে একাধিক শো পড়লে ভালোমানের মডেল খুঁজে পাই না। এ জন্যই চেষ্টা করছি কিছু ছেলেমেয়েকে হাতে-কলমে শিখিয়ে তৈরি করতে। যাতে তারা নিজ যোগ্যতায় কাজ করতে পারে শোবিজে।’ ফ্যাশন ডিজাইনার ওয়ালি বলেন, ‘সেরা ১২ জনকে আবারও গ্রুমিং করানো হবে। ঈদের পর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। তখন দেশের বিখ্যাত তারকা, ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তাদের উপস্থিতিতে আমরা বিজয়ী নির্বাচন করব।’