শাহজালালে পাঁচ কেজি সোনাসহ গ্রেপ্তার ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ২০০ গ্রাম সোনাসহ (৩২টি বার) ইসমাইল হোসেন সরকার নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউজ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ঢাকায় আসেন ইসমাইল।

ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সোলাইমান সাইফ গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, সকালে শাহজালালের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করা হয়। পরে তার ব্যাগের ভেতরে থাকা দুটি জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম। উদ্ধার সোনার বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা। ইসমাইলকে পুলিশে সোপর্দ করা হয়েছে জানিয়ে কাস্টমস কর্মকর্তা সোলাইমান জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।