সার্জেন্টের বাইকে গ্রেনেডসদৃশ বস্তু, গুলিস্তানে আতঙ্ক

রাজধানীর গুলিস্তানে এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখে নিশ্চিত হয় সেটি গ্রেনেড নয়, বালিভর্তি একটি বোতল। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে। গ্রেনেডসদৃশ ওই বস্তুটি দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঈদের আগে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ পরিকল্পিতভাবে এ কাজ করেছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক গতকাল রাত ১১টায় দেশ রূপান্তরকে বলেন, ‘মো. সাঈদ নামে এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ থেকে স্কচটেপ পেঁচানো একটি পানির বোতল উদ্ধার করা হয়েছে। বোতলটা কেটে গ্রেনেড আকৃতির বানিয়েছিল। ওপরে পেঁচানো ছিল কালো স্কচটেপ। বোম্ব ডিসপোজাল টিম ভেতরে বালু আর তার পেয়েছে।’

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) ওয়াহেদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এক ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেল রেখে ডিউটি করছিলেন। ডিউটি শেষে তিনি মোটরসাইকেলের কাছে আসার পরে দেখতে পান, তার মোটরসাইকেলে একটি ব্যাগ ঝুলছে, যেটি তার নিজের নয়। ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ কিছু দেখেই আতঙ্কিত হয়ে দ্রুত আমাদের জানান। আমরা বিষয়টি বোম ডিসপোজাল ইউনিটকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, ওটা আসলে বোমা না।’