নেত্রকোনায় রাইস মিলে পলিথিনের কারখানা

জরিমানা সিলগালা কারাদন্ড

নেত্রকোনায় এক অটো রাইস মিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ বিপুল কাঁচামাল জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গত শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী বাজারের নিকটবর্তী কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসব জব্দ করে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এরশাদুর আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক জাহাঙ্গীর রানাকে দেড় লাখ টাকা জরিমানাসহ এক বছরের কারাদন্ড দেন।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএসআই নেত্রকোনার উপ-পরিচালক তৌহিদুর রহমানের নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেলে কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে।

নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এরশাদুর আহমেদ দেশ রূপান্তরকে জানান, সিলগালা করে দেওয়া হয়েছে কারাখানাটি।