কেনাকাটায় মানুষের অনলাইন নির্ভরতা বাড়ছে: শমী কায়সার

ই-ক্যাব সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক অভিনেত্রী শমী কায়সার বলেছেন, করোনাকালীন সময়ে মানুষের অনলাইনে কেনাকাটার প্রবণতা অনেক বেড়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যের জন্য মানুষ এখন অনেকটাই অনলাইনের ওপর নির্ভরশীল।

অর্গানিক ও সেইফ ফুড নিয়ে কাজ করা দেশের অন্যতম ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকমের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

শমী কায়সার বলেন, প্রান্তিক চাষী, আদিবাসী কৃষক ও দেশের বিভিন্ন প্রান্তরের নারী উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে তা ভোক্তাদের কাছে পৌঁছে দেবার যে কাজ মার্কেট বাংলা করছে তা সত্যিই অসাধারণ।

তিনি বলেন, আগামী তে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের পরিধি আরো বৃদ্ধি করবে সেই আশাবাদ রইলো। মার্কেট বাংলার মতো এমন ই-কমার্স উদ্যোক্তা আরও গড়ে উঠবে এমন প্রত্যাশাই করি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় মার্কেট বাংলার কার্যালয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া পরিবেশে কেক কাটেন মার্কেট বাংলার উদ্যোক্তারা।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জুয়েল ঘোষণা দেন, এখন থেকে সারাদেশে অনলাইনে পণ্য সরবরাহ করবে অর্গানিক ও সেইফ ফুড নিয়ে কাজ করা দেশের অন্যতম ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকম।

এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, মার্কেট বাংলা ডটকম এর মূল লক্ষ্য হচ্ছে সঠিক পণ্যের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা শুরু থেকে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সারা দেশে ক্রেতা ও ভোক্তাদের অথেনটিক অর্গানিক ও সেইফ ফুড সরবরাহ করছি। পাশাপাশি স্বল্প সময়ে ডেলিভারি নিশ্চিত করছি।

প্রসঙ্গত, ২০১৯ সালে অনলাইনে অর্গানিক কৃষিজাত পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ইকমার্স ওয়েবসাইট মার্কেট বাংলা ডটকম।