বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনার অন্ধকারাচ্ছন্ন সময়ে সরকার মানুষের জীবন নিয়ে খেলা করছে। তাদের হাসপাতালগুলো ভুয়া সার্টিফিকেট দিচ্ছে।
তিনি বলেন, ‘এসব হাসপাতালের স্বীকৃতি দিয়েছে সরকার, সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর। এখন তারা একজন আরেকজনকে দোষারোপ করছে, কেউ দায় কাঁধে নিচ্ছে না।’
বিএনপি মুখপাত্র বলেন, ‘যারা জালিয়াতির মাধ্যমে ভোট করে ক্ষমতায় থাকে, তারা জালিয়াতির সার্টিফিকেট দেবে এবং মানুষের জীবন বাঁচানোর জন্য কোনো উদ্যোগ নেবে না- এটাই স্বাভাবিক।’
রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে খিলগাঁওয়ে বালু নদীর মোহনায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করার পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় রিজভী বলেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না।
তিনি বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আছি। তারা মানুষের কল্যাণের জন্য, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, এখনো করে যাচ্ছেন। তাই আমাদেরকে ধ্বংস করতে পারবে না।’
বিএনপি মুখপাত্র বলেন, ‘পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, আমাদেরকে বঞ্চিত করতে পারবে না, আমাদের ধ্বংস করতে পারবে না। আমরা জেগে উঠবো কারণ আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে।’
‘যতই দেশি-বিদেশি ষড়যন্ত্র হোক এই জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা যাবে না। এদের সম্পর্ক মাটি ও মানুষের সঙ্গে’ যোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য যে কাজগুলো দরকার সেগুলো করেছেন। বর্ষা ও শুকনো মওসুমে যেন খালে-বিলে পানি থাকে এবং সেগুলোতে যেন মৎস্য চাষ করা যায়, এজন্য কিলোমিটারের পর কিলোমিটার খাল খনন করেছেন। নিজে কোদাল ধরেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম-আহ্বায়ক সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, কবির উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক দলের মোর্শেদ আলম, মৎস্যজীবী দলের সদস্য আমির হোসেন, হেমায়েত উদ্দিন হিমু, শাহিন উদ্দিন স্বপন চৌধুরী, তানভীর, রজব আলী, সুমন মুন্সি, কে এম সোহেল, লিয়াকত, স্বপন, তবারক ফজলে কবির সোহেল, বাকি বিল্লাহ প্রমুখ।