করোনা পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলে সরকার বিরোধী চলমান বিক্ষোভের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
আলজাজিরা জানায়, রবিবার ভোরে জেরুজালেমে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। সেখান থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানান।
শনিবার থেকে ইসরায়েল জুড়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামে।
জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
করোনা সংক্রমণের শুরুর দিকে কিছুটা সফলতা দেখালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারকে দোষারোপ করে দেশটির মানুষ।
গত কয়েক সপ্তাহ আগ থেকে বিক্ষোভ দেখা শুরু করে ইসরায়েলি জনগণ। এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিক্ষোভকে আরও উসকে দেয়।
এসময় নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ডে দেখা যায়, 'গো হোম বিবি (নেতানিয়াহু)', 'আমরা দুর্নীতিবাজকে নিয়ে বিরক্ত', 'কোথায় নৈতিকতা' ইত্যাদি স্লোগান।
করোনায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বেকারত্ব বেড়ে যাওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ চান বিক্ষোভকারীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তারা 'ক্রাইম মিনিস্টার' নামে আখ্যা দেয়।