কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া শহরের মজমপুরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
গতকাল রবিবার সকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাংবাদিকতার বর্ণাঢ্য কর্মজীবনে ওয়ালিউল বারী বিভিন্ন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল ভারতের নদীয়া জেলার রানাঘাট থেকে ‘স্বাধীন বাংলা’ নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা প্রকাশ হয়। এ ছাড়া তিনি ১৯৬৪ সালে ‘সাপ্তাহিক মশাল’, ‘ইস্পাত’ ও ‘সমীক্ষা’ নামের মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।