করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবু জাহেদ (৫৮) মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যু হয় তার। করোনা আক্রান্ত হওয়ার পর ১০ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান জানান, আবু জাহেদ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার শ্বাসকষ্ট ছিল বেশি। তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল দুপুরে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলা সদরের থানাপাড়া রোড এলাকায়। তিনি ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন।