করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৯ হাজার ৬১০ জন সংস্কৃতিকর্মীকে ৪ কোটি ৬৬ লাখ ৮ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন অনুদানের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে।
গত মার্চ মাসে করোনা মহামারী পরিস্থিতি শুরু হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদসহ বিভিন্ন জাতীয়ভিত্তিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে আর্থিকভাবে কর্মহীন হয়ে পড়া শিল্পীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে মে মাসের শেষ দিকে আর্থিক অনুদান সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। শিল্পকলা একাডেমি এবং সারা দেশের জেলা প্রশাসকদের সহযোগিতায় এই অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
অসীম কুমার এই প্রতিবেদককে আরও বলেন, ‘করোনা মহামারী পরিস্থিতিতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শিল্পী ও সংস্কৃতিসেবীদের বিশেষ সহায়তা দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রতি অর্থবছরে আর্থিক সংকটে থাকা তালিকাভুক্ত সংস্কৃতিকর্মীদের মাসিক ভাতা দেওয়া হয়। সেই তালিকার বাইরে এবার করোনা পরিস্থিতিতে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিশেষ আর্থিক সহায়তা করা হয়েছে সংস্কৃতিকর্মীদের।