মডেল টেস্ট : বাংলা
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রুসেনাদের বিরুদ্ধে। দেশের অন্যসব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস। অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্রযুদ্ধে আমাদের মুক্তিসেনারা প্রাণ দেন। আর দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এ দেশের লাখ লাখ মানুষ। তারা ছিলেন নানা পেশার কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ ও কেউ সৈনিক। আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। লাখ লাখ নারী-পুরুষ-শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে।
১. নিচের শব্দগুলোর অর্থ লেখো ৫টি
অবরুদ্ধ, পেশা, শির, কৃতজ্ঞ, অসংখ্য, আত্মদানকারী, জাতীয়।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. আমরা কবে এবং কীভাবে বিজয় অর্জন করি?
খ. মুক্তিযুদ্ধে এ দেশের সাধারণ মানুষের ভূমিকা কী ছিল? চার বাক্যে লেখো।
গ. আমরা কীভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? চার বাক্যে লেখো।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
প্রাকৃতিক বৈচিত্র্যের বিশাল সম্ভার সুন্দরবন। সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী বৃক্ষের নাম অনুসারে। বনের মূল আকর্ষণ মায়া হরিণ। বনের একটু ভেতরে ঢুকতেই দেখা যায় তাদের দল বেঁধে ছোটাছুটি। কখনো দেখা যায় বানর ও হরিণের বন্ধুত্ব। গাছের ডালের ফাঁকে ফাঁকে উঁকি দেয় সূর্যের আলো। নদীতে মাঝে মাঝে ভেসে ওঠে কুমির। গাছের ডালে জড়িয়ে সেই দৃশ্য দেখতে ব্যস্ত বিষধর সাপ। পাখির কলকাকলিতে মুখরিত এই বনের চারিদিক। আর সুন্দরবন মানেই রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বৃক্ষের মধ্যে সুন্দরী বৃক্ষ খুঁটি তৈরিতে, গেওয়া নিউজপ্রিন্ট তৈরিতে ও দেশলাই কারখানায়, ধুন্দল পেন্সিল তৈরিতে, গোলপাতা ঘরের ছাউনিতে ব্যবহৃত হয়। এই বন থেকে প্রচুর মধু আহরণ করা হয়। দেশের অর্থনীতিতে যার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডের কারণে সুন্দরবন ঐতিহ্য হারাতে বসেছে। সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বনের ভেতরে জনসাধারণের প্রবেশ রোধ করতে হবে। সেই সঙ্গে বৃক্ষনিধন ও শিকার বন্ধ করতে হবে। প্রয়োজনে সরকারকে কঠোর আইনপ্রণয়নসহ জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
৩. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো
শব্দ শব্দার্থ
বিপর্যয় দুর্যোগ, বিপদ।
ঐতিহ্য কিংবদন্তি
কলকাকলি পাখির কলরব
আকর্ষণ টান
প্রাকৃতিক স্বাভাবিক সৌন্দর্য, নৈসর্গিক
নিধন বিনাশ
ক. পাখির......বন পরিপূর্ণ।
খ. প্রাকৃতিক......মানুষকে অসহায় করে তোলে।
গ. মৃৎশিল্প আমাদের......।
ঘ. পশুপাখি-জীবজন্তু......পরিবেশের সঙ্গে মিলে মিশে থাকে।
ঙ. সুন্দরবনের মূল......মায়া হরিণ।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো
ক. পাঁচটি বাক্যে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।
খ. সুন্দরবনের বৃক্ষ কী কী কাজে লাগে?
গ. কীভাবে সুন্দরবনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে? পাঁচ বাক্যে লেখো।
৫. নিচের যেকোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লেখো
উঠিয়াছি, ঘটিতেছে, গড়াইয়া, দেখাইতেছিল, পারিবেন, ঝলমলাইয়া, কাঁপিতে।
৬. অনুচ্ছেদটি পড়ে কে, কী, কখন, কোথায়, কীভাবে, কেন শব্দগুলো দিয়ে ৫টি প্রশ্ন তৈরি করো
পথিক : না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল। কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সবাই ঘুম দিচ্ছে। ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোককজন দেখছিনে। ওই একজন আসছে। ওকেই জিজ্ঞেস করা যাক।
৭. যুক্তবর্ণ আলাদা করে লেখো এবং যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দিয়ে একটি করে বাক্য লেখো
র্জ, স্ত, স্ম, প্ন, র্ষ
৮. বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো।
কী উৎসাহ কী আগ্রহ শুনেও সুখ হয় এ রকম জানার আকাক্সক্ষা কজনের আছে বলুন তো
৯. এক কথায় প্রকাশ করো (৫টি)
ক. ঘোড়ার ডাক
খ. সত্য কথা বলে যে
গ. যিনি দেখেন
ঘ. যার দয়া নেই
ঙ. যা লাফিয়ে চলে
চ. নূপুরের ধ্বনি
১০. প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো
কষ্ট, খুশি, মায়া, স্বাদ, নকল
(প্রশ্নের বাকি অংশ এবং উত্তর আগামীকাল)