লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ মানিকের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে এলাকাবাসী।
গত শনিবার ও গতকাল রবিবার সকালে ভোলাকোট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গেটে তালা দিয়ে কে আই ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নারী-পুরুষসহ সহস্রাধিক মানুষ। মানববন্ধন শেষে নাগমুদ বাজারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বাজারের পূর্ব পাশের সড়কের ওপর বিক্ষোভ করেন তারা।
এ ব্যাপারে কথা বলতে ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমেদ মানিকের নম্বরে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।