একটি সিনেমার সাইনিং মানি হিসেবে কিছুদিন আগে হিরো আলমকে ৫০ হাজার টাকা দেন অনন্ত জলিল। পরে এই সোশ্যাল মিডিয়া সেনসেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে প্রজেক্টটি বাতিল করেন ব্যবসায়ী-অভিনেতা। সঙ্গে জানান, হিরো আলমকে দেওয়া টাকা ফেরত নেবেন না।
প্রতিক্রিয়ায় হিরো আলম জানান, তাকে অন্যদের মতোই ব্যবহার করেছেন অনন্ত। তিনি ওই ৫০ হাজার টাকা ফেরত দেবেন।
এখন শোনা যাচ্ছে, টাকা ফেরত নেননি অনন্ত। আর সেই টাকার সঙ্গে সমপরিমাণ টাকা যোগ করে বগুড়ার যমুনা তীরবর্তী সারিয়াকান্দি উপজেলার বন্যার্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন হিরো আলম।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ কথা জানানও তিনি।
হিরো আলম বলেন, অনন্ত জলিল আমাকে চলচ্চিত্র থেকে বাদ দিয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার সময় ৫০ হাজার টাকা দিয়েছিলেন। বাদ দেওয়ার পর সেই টাকা আমি ফেরত দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু উনি নেননি। বিভিন্নভাবে টাকাটা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভাবলাম, বন্যার্তদের মাঝে বিলিয়ে দিই।
আরও বলেন, ৫০ হাজার টাকার সঙ্গে আরও ৫০ হাজার টাকা যোগ করে এক লাখ টাকার একটা ফান্ড তৈরি করি। একটি লুঙ্গি ও একটি শাড়ি ও খাবার— মোট এক হাজার টাকা মাথাপিছু ১০০ পরিবারকে দিচ্ছি। বন্যায় অনেকেই কষ্ট পাচ্ছে, ভাবলাম সামান্য চেষ্টা করি। যার জন্য এই পরিকল্পনা করলাম। সাধ্য হলে আরও সহায়তা করব।
এর আগেও বিভিন্ন সময়ে ত্রাণ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন হিরো আলম।