কবি, ঔপন্যাসিক ও বেসরকারি দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন করোনাভাইরাস (কোভিড-১৯) -এ আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সোমবার সকালে দেশ রূপান্তরের সাথে আলাপে মাসরুর নিজেই এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
গত দুই তিন দিন ধরে জ্বর ও কাশিতে ভুগতে থাকায় শনিবার মাসরুর আরেফিন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রবিবার তার রিপোর্ট পাওয়া যায়। পরীক্ষায় রিপোর্ট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। জ্বর-কাশি থাকলেও শরীরে অন্য কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ব্যাংকিং সেবা দিতে গিয়ে বিভিন্ন ব্যাংকের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন। মাসরুর আরেফিনই কোনো ব্যাংকের শীর্ষ নির্বাহী যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে গত ২৬শে এপ্রিল সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন নিজের সহকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন দীর্ঘ পোস্ট লিখেছিলেন মাসরুর আরেফিন।
এর আগে কবি ও সাহিত্যিক হাসনাত আব্দুল হাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে মাসরুর আরেফিনের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সেখানে হাসনাত আব্দুল হাই লিখেছেন, ‘কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন করোনা আক্রান্ত। তার দ্রুত আরোগ্য কামনা করি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংক পাড়ার বাইরে মাসরুর আরেফিন বৃহত্তর সমাজে মূলত পরিচিত কবি, ঔপন্যাসিক ও অনুবাদক হিসেবে। তার অনুবাদ ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’ ও ‘হোমারের ইলিয়াড’ বাংলা অনুবাদ সাহিত্যে দুটি বড় কাজ হিসেবে স্বীকৃত। এর পরে সাম্প্রতিককালে তিনি আলোচিত ছিলেন তার দুই বহুল আলোচিত উপন্যাসের জন্য। একটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘আগস্ট আবছায়া’ ও অন্যটি ‘আলথুসার’। তার কবিতার বই দুটিরও—‘ঈশ্বরদী মেয়র ও মিউলের গল্প’ এবং এ বছরে প্রকাশিত ‘পৃথিবী এলোমেলো সকালবেলায়’- এর নিজস্ব পাঠকগোষ্ঠী রয়েছে। তার পাঠকেরা ফেসবুক ও সামাজিক মাধ্যমে লেখকের এই করোনা আক্রান্ত হবার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।