সুশান্ত সিং রাজপুতের অল্প কয়েকটি ছবির ভিড়ে উজ্জ্বল ‘শোনচিড়িয়া’। বক্স অফিস সফল না হলেও সমালোচকরা ভালোবেসেছেন খুব। সেই ছবির সহকর্মী ভূমি পেডনেকর কান্না সামলাতে পারছেন না ‘দিল বেচারা’ দেখে।
ভূমি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্রতিদিন সকালে উঠে আমি তোমার কথা ভাবি। আমাদের আলোচনা, স্বভাব, আবেগকে মনে করি। কিন্তু তখনই মনে পড়ে তোমার অনুপস্থিতি। আর বেদনায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে।”
শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সুশান্তর শেষ ‘দিল বেচারা’। এ যেন প্রয়াতের জীবনেরই প্রতিচ্ছবি। এমনটাই অনুরাগীদের রিভিউ। ফিল্ম সমালোচক তরণ আদর্শ আবার পাঁচের মধ্যে চার স্টার দিয়েছে এই ছবিকে।
ছবিটি দেখে কান্না চেপে রাখতে পারেননি ভূমি পেডনেকর। অভিনেত্রী লেখেন, “বেদনাদায়ক ও সুন্দর।” ইনস্টাগ্রামে ছবির বিষয়ে লিখতে গিয়ে বলেন, “আবেগপ্রবণ, কান্না থামাতে পারিনি। অসাধারণ অভিনয়। এত সামনে থেকে বেদনাদায়ক অথচ কত সুন্দর করে বলা কথা কোনোদিন দেখিনি। অনুরাগীদের দেওয়া সুশান্তের সেরা উপহার।”
পাশাপাশি ছবির পরিচালক মুকেশ ছাবড়া ও অভিনেত্রী সাঞ্জনা সংঘীর প্রশংসায় পঞ্চমুখ ভূমি। লেখেন, “মুকেশ ছাবড়া খুব ভালো কাজ। সঞ্জনা সংঘী, বড়পর্দায় তোমাকে স্বাগত।”
জন গ্রিনের বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য। এই নামেই হলিউডে ছবিও হয়েছে। যার প্রভাব দেখা গেছে ‘দিল বেচারা’য়।