মির্জাপুরে বন্যা পরিস্থিতির অবনতি, নিরাপদ আশ্রয়ের খোঁজে ক্ষতিগ্রস্তরা

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়িঘর তলিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজার পরিবার। নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিকসেদিক ছুটে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা।

মির্জাপুরে রয়েছে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন। বংশাই ও লৌজং নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিন বন্যার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বন্যা ও নদী ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার ফতেপুর, জামুর্কী, মহেড়া, ভাওড়া, আনাইতারা, হুরিয়া, উয়ার্শী ও পৌর এলাকার বিভিন্ন গ্রাম।

বাড়িঘর পানিতে তলিয়ে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫শ।

বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, একদিকে বন্যার পানি অন্যদিকে নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন দিকে ছুটেছেন। তারা গবাদিপশু নিয়ে নৌকা ও কলাগাছের ভেলায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছে এদিক-ওদিক।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যা ও নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছে উপজেলা প্রশাসন।

প্রতিত তালিকা অনুসারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।