করোনার প্রাথমিক তথ্য ধামাচাপা দেয়ার অভিযোগ চীনা ডাক্তারের

চীনে সংক্রমণ শুরু হওয়ার পর করোনাভাইরাসের প্রাথমিক তথ্য ধামাচাপা দেয়া হয়েছে বলে দেশটির একজন চিকিৎসক অভিযোগ করেছেন।

বিবিসি জানায়, শুরুর দিকে হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছিলেন প্রফেসর কুক ইয়ং ইওয়েন। শহরটি থেকেই পরবর্তীতে বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে তিনি জানান, তার বিশ্বাস স্থানীয় কর্মকর্তারা প্রাথমিক সংক্রমণের মাত্রা ধামাচাপা দিয়েছিলেন।

উহানে কভিড-১৯ রোগের চিকিৎসায় সাহায্য করেছিলেন প্রফেসর ইওয়েন। তার অভিযোগ, শুরুর দিকে কিছু তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়াও এর প্রতিকারের চেষ্টাও ছিলো খুব ধীর।

তিনি বলেন, আমরা যখন হুয়ানান সুপারমার্কেটে যাই, সেখানে তখন দেখার মতো কিছু ছিলো না। কারণ ইতোমধ্যেই বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। ফলে আপনি বলতে পারেন যে অপরাধের আলামত ততোক্ষণে নষ্ট করে ফেলা হয়েছে। ফলে ভাইরাসটি কোন উৎস থেকে মানবদেহে এসেছে সেটা আমরা চিহ্নিত করতে পারিনি।

প্রফেসর ইওয়েন বলেন, আমার সন্দেহ যে তারা উহানে স্থানীয়ভাবে কিছু ধামাচাপা দিয়েছে। যেসব স্থানীয় কর্মকর্তার এসব তথ্য সরবরাহ করার কথা ছিলো তাদেরকে সেটা খুব দ্রুত করতে অনুমতি দেওয়া হয়নি।

ডিসেম্বরের শেষের দিকে যে  চিকিৎসক এই ভাইরাসের ব্যাপারে তার সহকর্মীদের সতর্ক করে দিয়েছিলেন কর্তৃপক্ষ তাকে শাস্তিও দিয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরুর দিকে চীনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এ নিয়ে বেইজিংয়ের চরম সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

এমনকি উহানের একটি গবেষণাকেন্দ্র থেকেও করোনাভাইরাসের উৎপত্তি বলেও অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। চীন সবসময়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।