ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা জানানো হবে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে। উৎসবের আয়োজকদের পক্ষ থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনিকার সৈয়দ সালাউদ্দিন জাকী ‘ঘুড্ডি’ সিনেমার জন্য আশির দশকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হন তিনি। তাকে সম্মাননা জানানো ছাড়াও বেশ কিছু চমক থাকছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে।
ঢাকায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০। আগামী ২৯ জুলাই শুরু হয়ে উৎসবটি শেষ হবে ৩১ জুলাই। বিশ্বব্যাপী লকডাউন ও সাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে উৎসবের সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকছে। এটি আয়োজন করেছে স্টেপ ফর সিনেমা নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকেরা জানান, সারা বিশ্বের সিনেমা নিয়ে এ উৎসব আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন।
উৎসব চেয়ারপারসন অনন্যা রুমা বলেন, ‘৪৫ টি দেশের ৬৫৬টি চলচ্চিত্র জমা পড়েছে এবারের উৎসবে। সেখান থেকে ২৪টি দেশের ৫৮টি চলচ্চিত্রকে আমরা মনোনয়ন দিতে পেরেছি।’
উৎসব পরিচালক দীপান্ত রায়হান বলেন, ‘বাছাইকৃত চলচ্চিত্রের মধ্য থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ নিরীক্ষামূলক চলচ্চিত্র, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ আবহ সংগীত এবং শ্রেষ্ঠ সম্পাদনা বিভাগে পুরস্কার প্রদান করা হবে।’
উৎসবের বিচারকের দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের তরুণ নির্মাতা শাহনেওয়াজ কাকলী, মাহদী হাসান, সংগীত পরিচালক এসআই টুটুলসহ ভারত, নেপাল, ইরান, কানাডা, নর্থ ম্যাসিডোনিয়া এবং তুরস্কের আরও সাতজন চলচ্চিত্র পরিচালক।
উৎসব চলাকালীন ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে ‘নিউ নরমাল টাইম’ এর চলচ্চিত্র এবং চলচ্চিত্র সাংবাদিকতা বিষয়ক মুক্ত আলোচনা। আলোচনায় অংশ নিবেন, নির্মাতা শামীম আখতার, গোলাম রাব্বানী বিপ্লব, মেজবাউর রহমান সুমন, সাংবাদিক রেজানুর রহমান, তানভীর তারেক প্রমুখ।
২৯ থেকে ৩১ জুলাই প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে উৎসব। চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও সকল আয়োজন দেখা যাবে স্টেপ ফর সিনেমা, ডিএসপি, বাংলামেইল, চিন্তাশীল, ফ্রাইডে থিয়েটার, ট্যুরিস্ট ক্লাব বাংলাদেশ এর ফেসবুক পেজে।