দিনাজপুরের পার্বতীপুরে সমাপ্ত হাসান (১৯) নামে এক কলেজছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির শোয়ার ঘরে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সমাপ্ত হাসান ভবানীপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র। সমাপ্ত ভবানীপুর মাদ্রাসা রোড এলাকার মৃত এনামুল মণ্ডলের ছেলে। সে লেখাপড়ার পাশাপাশি ছাত্র পুলিশিং কমিউনিটি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিল।
তবে, কিছুদিন আগে থেকেই তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে একাধিক হতাশাগ্রস্ত পোস্ট শেয়ার করা হয়। তার মধ্যে একটি ছিল ‘মৃত্যুই বোধ হয় মুক্তি’। দুই দিন আগে আরও একটি লেখা পোস্ট করে সমাপ্ত হাসান। সেখানে লেখা ছিল ‘তারপর, ওর সঙ্গে আমার আমৃত্যু অভিমানের একটা চুক্তি হল’।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।