ডাকাতি শেষে স্কুলছাত্রীকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ

কুড়িগ্রামের রাজারহাটে ডাকাতি শেষে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার মা-বাবার সামনে থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার মধ্যরাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর গ্রামে এ ঘটনা ঘটে। এ কাজে বাধা দেওয়ায় ওই স্কুলছাত্রীর বাবাকে মারধর ও কুপিয়ে রক্তাক্তও করেছে ডাকাতরা।

স্থানীয়রা জানান, রবিবার মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় গ্রামে বিদ্যুৎ ছিল না। এ সময় ঘরের দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মুখোশ পরিহিত তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই কিশোরীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে ওই তিনজন। এক পর্যায়ে কিশোরীর মা এগিয়ে এলে তাকেও মারপিট করে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় আলমারি খুলে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা। এরপর পাশের কক্ষের দরজা ভেঙে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় তারা। পরে পাশের একটি ইউকেলিপটাস বাগানে নিয়ে তাকে দল বেঁধে ধর্ষণের পর সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে ধর্ষণের শিকার ওই কিশোরী ও তার বাবাকে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।