করোনাভাইরাসের কারণে মার্চ থেকে মাঠের বাইরে ফুটবলাররা। তবে এই দীর্ঘ সময় খেলা থেকে দূরে থাকলেও ফুটবলারদের ফিটনেসের ব্যাপারে খুব বেশি চিন্তিত নন প্রধান কোচ জেমি ডে। তার বিশ্বাস, আগস্টের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে সবাই ভালো অবস্থানে থেকেই যোগ দেবে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের বাকি চার ম্যাচ খেলবে অক্টোবর-নভেম্বরে। এ উপলক্ষে রবিবার ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঈদের পরই শুরু হবে ক্যাম্প।
সোমবার দল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন জেমি। ইংল্যান্ড থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় ফিটনেস নিয়ে কোনো সমস্যা হবে না। তারা ব্যক্তিগতভাবে অনুশীলনের মধ্যে ছিল। আশা করি, খেলোয়াড়রা ভালো অবস্থায় থেকে ট্রেনিংয়ে যোগ দেবে। এছাড়া আমি আত্মবিশ্বাসী যে সকল খেলোয়াড়দের ফিটনেস ঠিক থাকবে।’
করোনার প্রাদুর্ভাবে মার্চে স্থগিত হয়ে যায় ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা। ঘরোয়া লিগও স্থগিত করা করা হয় একই সময়ে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খেলোয়াড়দের জন্য নিয়মিত দিক নির্দেশনা দিয়ে গেছেন কোচ জেমি। সেই দিক নির্দেশনাগুলো মেনে থাকলে খেলোয়াড়রা ভালো অবস্থানে থাকবেন বলে বিশ্বাস করেন জেমি।
বলছিলেন, ‘গত ৪ মাসে তারা আমাকে তাদের ট্রেনিং সেশনের ভিডিও পাঠিয়েছে নিয়মিত। তাদের ওজন, ডায়েট চার্ট সম্পর্কেও আমরা অবগত। দুই সপ্তাহ ট্রেনিংয়ের পর আমার মনে হয়, বাকি যে সমস্যাগুলো থাকবে, ছেলেরা কাটিয়ে উঠবে।’