অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নৌ পুলিশ। রবিবার ও সোমবার অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর ভূমি গর্ভের বালু ফাঁকা হয় যাচ্ছে। এ বছর বন্যায় পদ্মা ও যমুনা নদীর ভাঙনের ফলে অস্তিত্ব সংকটে পরেছে পাবনার সুজানগর উপজেলার ১০ টি গ্রাম। অনুনোমোদিত ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর পাড় এবং আশেপাশের গ্রাম ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
নৌ পুলিশ রবিবার এবং সোমবার পাবনা জেলার সুজানগর ও আমিনপুর থানাধীন নাজিরগঞ্জ ও ঢালারচর এলাকায় পদ্মা ও যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের পুলিশ সুপার জনাব বি. এম. হারুন -অর-রশীদ এ অভিযান পরিচালনা করেন এবং ৫ টি ড্রেজার মেশিন ও ৪ টি বাল্কহেড সহ ২১ জনকে আটক করে পাবনার সুজানগর থানায় ১ টি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, সোমবার ১ টি ড্রেজার ও ১ টি বাল্কহেডসহ ৬ জনকে আটক করে পাবনা জেলার আমিনপুর থানায় এজাহার দায়ের করে নগরবাড়ি ঘাট নৌ পুলিশ স্টেশন।