আজ থেকে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের আওয়াতাধীন পশুর হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার রাজধানীর ধানমণ্ডি লেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার আটটি সংসদীয় আসনের কথা বিবেচনা করে আমরা ১১টি জায়গায় ১১টি পশুর হাট ইজারা দিয়েছি। এসব হাট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে রবিবার ইজারাদারদের নিয়ে সভা হয়েছে। সেখানে ইজারাদারদের আমাদের শর্তাবলি যাতে কঠোরভাবে পালন করা হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সেসব শর্তাবলি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে আমরা হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।