বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত জনস্বাস্থ্যে যত জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে কভিড-১৯ ‘সবচেয়ে গুরুতর’ উল্লেখ করেছে। গতকাল জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ছয় সপ্তাহে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোতে কভিড-১৯-এর বিস্তার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে সতর্ক করেন গেব্রিয়েসুস। তিনি বলেন, জাতীয় পর্যায়ে একতা এবং বিশ্বব্যাপী সংহতির সঙ্গে একযোগে সক্রিয় ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়েই কেবল এ মহামারী মোকাবেলা করা সম্ভব। তার মতে, লকডাউন শিথিলের পর যেসব দেশে সংক্রমণ আবার বাড়ছে সেখানে ভাইরাসের বিস্তার ঠেকাতে নেতৃত্বের পাশাপাশি কমিউনিটির মানুষদের অংশগ্রহণ এবং সম্মিলিতভাবে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন।