নিখোঁজের ৩ দিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

আদিতমারী থানার পুলিশ নিখোঁজের ৩দিন পর বেলাল হোসেন (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে। গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী সড়ক সংলগ্ন সারপুকুর নামক এলাকার একটি পাটক্ষেত  থেকে তার লাশ উদ্ধার করা হয়। বেলাল লালমনিরহাট সদর উপজেলার হাঁড়িভাঙ্গা এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদিতমারীর সারপুকুর এলাকায় পাটক্ষেতের পানিতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বেলাল হোসেনের বোন জান্নাতি বেগম জানান, গত শনিবার রাত ১০টার দিকে বেলাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে যাচ্ছে।