দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যে গোঁফ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা-সমালোচনা চলছিল, সেই গোঁফ তিনি গরমের দোহাই দিয়ে ফেলে দিয়েছেন।
রাষ্ট্রদূত হ্যারি হ্যারিস জানিয়েছেন, সিউলের এক নাপিতের কাছে গিয়ে তিনি বহুল আলোচিত গোঁফ ফেলে দিয়েছেন। বলছেন, গরমের কারণে মাস্ক পরতে তার অসুবিধা হয়। কিন্তু কাহিনী আসলে ভিন্ন।
দক্ষিণ কোরিয়ার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া হ্যারিসের মা একজন জাপানি। ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়াকে নিজেদের উপনিবেশে পরিণত করেছিল, যা এখনো দক্ষিণ কোরিয়ার জন্য তিক্ত একটি বিষয় হয়ে আছে। সেই দিনগুলোতে অনেক জাপানি শাসক গোঁফ রাখতেন, যারা কোরিয়ানদের অত্যাচার করতেন বলে অভিযোগ।
দক্ষিণ কোরিয়ার মানুষেরা মনে করেন, হ্যারিসের গোঁফ সেই দুঃখজনক ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।
হ্যারিস কিছুদিন আগে এ বিষয়ে কোরিয়া টাইমসকে বলেন, ‘আমি সংস্কৃতি এবং ইতিহাসের গুরুত্ব বুঝি। কিন্তু আমি জাপানি-আমেরিকান হিসেবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হইনি। আমি এখানে এসেছি আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে। এটা মানুষের মনে রাখা উচিত।’