টিকটকে ‘অশোভন’ ভিডিও, মিসরে ৫ পাঁচ নারীকে কারাদণ্ড

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ‘অশোভন’ একটি ভিডিও পোস্ট করায় মিসরের পাঁচ নারীকে দেশটির একটি আদালত দুই বছরের জেল দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন হানিন হোসাম, মোওয়াদা আল-আদহাম ও তাদের আরও তিন সঙ্গী। তারা টিকটকে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যা আদালত ‘অশোভন’ বলে উল্লেখ করেছে।

এই বিচারপ্রক্রিয়ায় জড়িত সূত্রটি এএফপিকে বলেছেন, “সামাজিক মূল্যবোধ লঙ্ঘন করার অপরাধে কায়রোর ইকোনমিক আদালত হোসাম, আদহাম ও অন্য তিনজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।”

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। সে ক্ষেত্রে প্রতি দণ্ডপ্রাপ্তকে গুনতে হবে ৩ লাখ মিসরীয় পাউন্ড (১৮ হাজার ৭৫০ ডলার) করে।

তিন মিনিটের একটি ভিডিও ক্লিপ পোস্ট করার জন্য গত এপ্রিলে গ্রেপ্তার করা হয় কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২০ বছর বয়সী হোসামকে। সেখানে তার ১৩ লাখ ফলোয়ারকে পরামর্শ দিতে দেখা যায়, ভিডিও অ্যাপ ব্যবহার করে তরুণীরা কিভাবে ছেলেদের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব গড়ে তুলতে পারে এবং ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে আয় করতে পারে।

মে মাসে গ্রেপ্তার করা হয় টিকটক ও ইনস্টাগ্রাম তারকা আদহামকে, তার রয়েছে অন্তত ২০ লাখ ফলোয়ার। অভিযোগ এসব মাধ্যমে অশোভন ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।

অন্য তিনজনের বিরুদ্ধে অভিযোগ তারা হোসাম ও আদহামকে এসব কনটেন্ট তৈরি করতে সহযোগিতা করেছেন।

এদিকে আহদামের আইনজীবী আহমেদ আল-বাখেরি, আদালতের এই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

তাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে বিভক্ত হয়ে যায় রক্ষণশীল মুসলিম দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।