বিমানে করোনায় আক্রান্ত হলে চিকিৎসার খরচ দেবে এমিরেটস

ভ্রমণের সময় বিমানের কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে তার সকল দায়বার নেবে বিশ্বের নামকরা বিমান কোম্পানি এমিরেটস।

বিবিসি জানায়, বিমানে চলাচল করতে গিয়ে কেউ যদি করোনায় সংক্রমিত হয় তাহলে তার চিকিৎসা, হোটেল কোয়ারেন্টাইন, এমনকি সৎকারও করার খরচ দেবে কোম্পানিটি। এ প্রথম কোনো বিমান কোম্পানি করোনা সংক্রান্ত এ ধরনের ইন্সুরেন্স নিয়ে এলো।

এক বিবৃতিতে আরব আমিরাত ভিত্তিক কোম্পানিটি জানায়, এমিরেটসের যাত্রীরা আত্মবিশ্বাসের সঙ্গে ভ্রমণ করতে পারবে। যাত্রাপথে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসা বাবদ দেড় লাখ ইউরো পর্যন্ত দেয়া হবে এবং হোটেল কোয়ারেন্টাইন খরচ হিসাবে প্রতিদিন দেয়া হবে ১০০ ইউরো।  

এমিরেটস গ্রুপের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, আন্তর্জাতিক ভ্রমণে জন্য যাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর পথে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সেইসঙ্গে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্বে এগিয়ে যাওয়ায় গর্বিত এমিরেটস।

তিনি বলেন, আন্তর্জাতিক সীমানা ক্রমান্বয়ে খুলতে থাকায় মানুষ ভ্রমণ করতে মুখিয়ে আছে। কিন্তু তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য ফ্লাইটের নিশ্চয়তা চান। তাদের যাত্রাকে ঝুঁকিমুক্ত রাখতে বিশ্বজুড়ে সব ভ্রমণের ক্ষেত্রে কভিড-১৯ রোগের চিকিৎসার খরচের ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস। 

এদিকে করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বজুড়ে বিমান কোম্পানিগুলোও ক্ষতির মুখে পড়েছে। টানা কয়েক মাস আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় একের পর এক বাতিল হয় ফ্লাইট। ক্ষতি পুষিয়ে নিতে অনেক বিমান কোম্পানি ছাঁটাই শুরু করে। এমিরেটসও বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মী ছাটাই করেছে।