মোংলা বন্দরে চুরির ভুল তথ্য দে্ওয়ায় বিদেশি জাহাজকে জরিমানা

মোংলা বন্দরে অবস্থানরত অবস্থায় চুরি হওয়ার ভুল তথ্য দেওয়ায় এমভি সিনা-০৫ নামক একটি বিদেশি গ্যাসবাহী জাহাজকে ৫০০ ইউএস ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ।

গত ২৪ জুলাই মোংলা বন্দরের পশুর চ্যানেলের হিরণ পয়েন্টে অবস্থানরত ছিল এমভি সিনা-০৫ জাহাজটি।

ওই দিন দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র জাহাজটির স্টোর রুম ভেঙে চারটি মুরিংরোপ চুরি করে নিয়ে যায় বলে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন জাহাজটির ক্যাপ্টেন।

তাৎক্ষণিকভাবে ওই জাহাটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সি এশিয়া শিপিং’ এজেন্সি ক্যাপ্টেনের বরাত দিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে চুরির বিষয়টি অবহিত করেন।

এরপর চুরি হওয়ার বিষয়টি স্থানীয় শিপিং এজেন্টের পক্ষ থেকে সংবাদকর্মীদের জানানোর পর এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার/প্রকাশিত হয়।

প্রকাশিত ও প্রচারিত সংবাদকে বন্দর কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখেন এবং এ নিয়ে এমভি সিনা-০৫ জাহাজের ক্যাপ্টেনসহ বাংলাদেশি লোকাল এজেন্ট সি এশিয়া শিপিং এজেন্সি ও জাহাজের সমন্বয়ে থাকা সকলের সাথে কথা বলেন।

এ সময় জাহাজের ক্যাপ্টেন ও চিফ অফিসার তাদের জাহাজের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির বিষয়টি স্বীকার করেন। এ জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন তারা। জাহাজটির ক্যাপ্টেন, চিফ অফিসারসহ নাবিকদের এমন ভুল তথ্য প্রচারের কর্মকাণ্ডের ঘটনায় জাহাজটিকে ৫শ মার্কিন ডলার জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ।

এক প্রেস বার্তায় এসব তথ্য জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন।

তিনি বলেন, এমভি সিনা-০৫ জাহাজ কর্তৃপক্ষ স্টোর ভেঙে মুরিংরোপ চুরির বিষয়ে তাদের স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় এবং জাহাজ কর্তৃক ভুল তথ্য প্রচার করায় স্থানীয় শিপিং এজেন্টের কাছ থেকে ৫শ’ ডলার জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণ করবে না।