আমির খানের এই পাঁচ ছবির নামই হয়তো আপনি শোনেননি

মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সব ছবিকে তারে জামিন পার, দিল চাহতা হ্যায়, লগন, থ্রি ইডিয়ট বা গজিনির মতো ভাবলে ভুল করবেন। এ অভিনেতা একদিনে এই অবস্থানে আসেননি। চিত্রনাট্য নিয়ে প্রচুর নিরীক্ষায় যেতে হয়েছে তাকে।

‘কেয়ামত সে কেয়ামত তক’-এর মাধ্যমে বলিউডে রাজকীয় অভিষেক হয় আমির খানের। এর পর বেশ কিছু ব্যর্থ সিনেমা করেছেন এই নায়ক। যার নামও হয়তো এখনকার ভক্তরা শোনেননি। জেনে নিন পাঁচটির কথা—

লাভ লাভ লাভ: প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’ ব্লকবাস্টার হওয়ার সুবাদের একের পর এক প্রস্তাব পেতে থাকেন আমির খান ও জুহি চাওলা জুটি। ওই সময় তারা এক ট্যাক্সি চালকের ছেলে ও ধনী ব্যবসায়ীর মেয়ের প্রেম কাহিনি নিয়ে করেন ‘লাভ লাভ লাভ’। বক্স অফিসে এই ছবি হজম হয়নি।

রাখ: ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটি সমালোচকরা খুবই পছন্দ করেছেন। আমির খানের বিপরীতে ছিলেন সুপ্রিয়া পাঠক। সাবেক প্রেমিকার ওপর অত্যাচারের প্রতিশোধের গল্প এটি। শুধু বক্স অফিসেই এই ছবি ব্যর্থ নয়, আমির খানের বেশির ভাগ ভক্তই ‘রাখ’-এর নাম শুনেনি।

দৌলত কা জং: হলিউড ক্ল্যাসিক ‘ম্যাকেনাস গোল্ড’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় আমিরের সঙ্গে আবারও জুহি। দুই তরুণ-তরুণীর বেসামাল ভালোবাসা ও লড়াইয়ের গল্প। না, একদম জমেনি।

ইসি কা নাম জিন্দেগি: ব্রিটিশ আমলের গ্রামীণ প্রেক্ষাপটে এই সিনেমার কাহিনি। আমির খানের বিপরীতে ছিলেন ফারাহ নাজ। মনোজ মিত্রের বাংলা নাটক ‘সাজানো বাগান’ এই গল্পের উৎস। অনেক দর্শক সিনেমাটি পছন্দ করেছেন, কিন্তু বক্স অফিসে দৌড়ে বেশিদূর এগোতে পারেনি।

আতঙ্ক হি আতঙ্ক: হলিউড ক্ল্যাসিক ‘গডফাদার’-এর নকল এই ছবিতে আরও আছেন রজনীকান্ত ও জুহি চাওলা। দর্শকদের একদমই টানেনি এই ছবি। বিশেষ করে আমিরের লুক মানাই যায় না।

বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির খান। করোনার লকডাউনের আগে ৭০ ভাগের মতো শুটিং শেষ করেছেন। শোনা যাচ্ছে, ভারতে করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় বাকি কাজ বিদেশেই হবে। হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক এটি। আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। মুক্তি পাবে সামনের বছরের এপ্রিলে।