বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন এডেক্স ’২০ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ‘এডেক্স-২০২০-১’ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সোমবার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হয়। মূলত, এ অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং এর দুর্বলতা সমূহ চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

আইএসপিআর আরও জানায়, মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণ কৌশলসহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশনসহ সকল ধরনের রণ কৌশলের অনুশীলন করে। এ অনুশীলনে বিমান বাহিনীর সকল ধরনের জঙ্গি বিমান, রাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশ নেয়।